EN

সরাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতির অভিযোগে অস্ত্র-সরঞ্জামসহ ৪ জন গ্রেপ্তার

বার্তা সম্পাদক

প্রকাশিত: 6:45 pm , 12 November 2026, Thursday , পোষ্ট করা হয়েছে 26 mins আগে

সরাইলে মহাসড়কে ডাকাতির প্রস্তুতির অভিযোগে অস্ত্র-সরঞ্জামসহ ৪ জন গ্রেপ্তার

 সরাইল নিউজ টোয়েন্টিফোর অনলাইন ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের অভিযোগে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সরাইল থানার উপপরিদর্শক (এসআই) রাজীব বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান ও রাত্রীকালীন টহল চলাকালে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, রাত্রীকালীন টহলের একপর্যায়ে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার জিলানী পেট্রোল পাম্পের প্রায় ২০০ মিটার দক্ষিণে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর সন্দেহজনক অবস্থানে চার ব্যক্তিকে দেখতে পায় পুলিশ। পরে তাদের আটক করে তল্লাশি চালানো হলে ডাকাতির প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা পাথরবাড়ি এলাকার মো. মামুন মিয়া (৩০), চরচারতলা সরকারবাড়ি এলাকার সিয়াম সরকার (২৮), সোনারামপুর হাজী মালেক মিয়ার বাড়ির নজরুল ইসলাম (২৫) এবং চরচারতলা মরম পাড়া কিচকি বাড়ির মো. স্বপন (২০)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে একটি নম্বরবিহীন নীল রঙের সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি হেক্স ব্লেড, লোহার কাটার, কাঠের বাটযুক্ত লোহার ছোরা, লোহার সেলাই রেঞ্জ, ছোট কাঁচি, লোহার পেরেক এবং হাতলবিহীন ছোট স্টিলের ছোরা জব্দ করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার নজরুল ইসলামের বিরুদ্ধে আশুগঞ্জ ও বিজয়নগর থানায় ডাকাতির প্রস্তুতি, ডাকাতি, চুরি ও অন্যান্য অপরাধসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। ২০২৫ সালের মার্চ মাসে আশুগঞ্জ ও বিজয়নগর থানায় তার বিরুদ্ধে ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা হয়।

এ ছাড়া ২০২৪, ২০২৩ ও ২০১৮ সালের বিভিন্ন মামলার তথ্যও পুলিশের রেকর্ডে রয়েছে। অন্যদিকে, সিয়াম সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ডাকাতির প্রস্তুতি, ডাকাতি ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সরাইল, আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ২০২১ ও ২০২২ সালের বিভিন্ন মামলার তথ্যও পাওয়া গেছে। পুলিশ আরও জানায়, এসব মামলার কয়েকটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। পুলিশের ভাষ্য, মহাসড়কে ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল এবং বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় তাদের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না এবং মহাসড়কের অন্যান্য অপরাধের সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্ত করে দেখা হবে।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন