সরাইলে নানা অভিযোগে কর্মী-সমর্থক নিয়ে ওসির মুখোমুখী এমপি, থানায় মব সৃষ্টির অভিযোগ ওসির
বার্তা সম্পাদক প্রকাশিত: 11:06 am , 23 October 2026, Friday , পোষ্ট করা হয়েছে 1 hour আগে
সরাইলে নানা অভিযোগে কর্মী-সমর্থক নিয়ে ওসির মুখোমুখী এমপি, থানায় মব সৃষ্টির অভিযোগ ওসির
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ইলেকটেড এমপি হিসেবে দশবার ফোন দিলেও ফোন না ধরা, ব্যক্তিগত নিরপত্তা চাইলেও নিরাপত্তা না দেওয়া, ঘুষ-দুর্নীতি, মাটি কাটা ও বালু ব্যবসা থেকে অর্থ নেওয়াসহ সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে নানা অভিযোগে ক্ষুদ্ধ হয়ে স্থানীয় নির্বাচিত এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বৃহস্পতিবার(২২ অক্টোবর) দিবাগত রাত ৮টার দিকে কয়েকশ কর্মী-সমর্থক নিয়ে থানা চত্বরে আসেন। এ সময় বেশিরভাগ কর্মী-সমর্থক থানার সামনে অবস্থান করলেও কিছু সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে এমপি রুমিন ফারহানা ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার কার্যালয়ে প্রবেশ করে নানা অভিযোগ তুলে ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার সাথে মুখোমুখি তর্কে-বিতর্কে জড়ান। ব্যারিস্টার রুমিন ফারহানা এ সময় বলেন, একজন ইলেকটেড এমপি দশবার ফোন করলেও আপনি ফোন ধরেন না। নিরাপত্তা চাইলেও আপনি নিরাপত্তা না দিয়ে বলেন, আমার লোকজন আমাকে নিরাপত্তা দিবে, তাই আমার নিরাপত্তার জন্য সাথে লোকজন নিয়ে এসেছি। এছাড়া নানা অভিযোগ তুলে থানায় বসে ওসি’র সাথে মুখোমুখি তর্কে জড়ান এমপি রুমিন ফারহানা। একই সময়ে ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া এমপি রুমিন ফারহানার সকল অভিযোগ অস্বীকার করে বলেন এটা থানা, এভাবে লোকজন নিয়ে এসে মব করে বিশৃংখল পরিবেশ সৃষ্টি করতে পারেন না। এ সময় তিনি থানা কার্যালয়ে লোকজনের হট্টগোলের ভিডিও ধারণ করে রাখার নির্দেশনা দেন ও ভিডিও কলে থানা কার্যালয়ে উপস্থিত লোকজনের হট্টগোলের দৃশ্যটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন।
স্থানীয় এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা ও সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার মুখোমুখি তর্কাতর্কির ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও ব্যপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
এ ব্যপারে স্থানীয় এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, নির্বাচিত সংসদ সদস্য নিরাপত্তা চাইলে স্থানীয় পর্যায়ে তা দেওয়ার বিধান রয়েছে। বিজয় নগর ও আশুগঞ্জ থানা থেকে প্রয়োজনীয় নিরাপত্তা পাওয়া গেলেও সরাইল থানা থেকে কোনো নিরাপত্তা দেওয়া হয় না। ইলেকটেড এমপি হিসেবে দশবার ফোন করলেও তিনি ফোন ধরেন না। আমার লোকজন কোনো সহযোগিতা চাইলে তিনি কোনো প্রকার সহযোগিতা করেন না। এ সময় ওসির বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি, মাটি কাটা ও বালু ব্যবসা থেকে অর্থ নেওয়া এবং আওয়ামী লীগ নেতাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করার অভিযোগ তোলেন সংসদ সদস্য রুমিন ফারহানা।
এদিকে এসব অভিযোগ অস্বীকার করে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, থানায় লোকজন নিয়ে এসে মব করে বিশৃংখল পরিবেশ সৃষ্টি করেছেন এমপি মহোদয় যা কোনোভাবেই কাম্য নয়। এ ব্যপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যা করা প্রয়োজন তাই করা হবে।











আপনার মন্তব্য লিখুন