সরাইলে ফুলেল সংবর্ধনায় বিদায় নিলেন গুনী প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন
বার্তা সম্পাদক প্রকাশিত: 2:51 pm , 28 September 2026, Monday , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
সরাইলে ফুলেল সংবর্ধনায় বিদায় নিলেন গুনী প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাজজাদাপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীনকে ফুলেল সংবর্ধনায় বিদায় দিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। বিদায়ী প্রধান শিক্ষক একই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) বিকালে বিদ্যালয় মাঠে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রাকিবা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার শাহরিমা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিনাশ চন্দ্র দেব, শাহজাদাপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু রায়হান, অবসর প্রাপ্ত স্বাস্থ্য সহকারি তাজুল ইসলাম ধনু, নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলাম দানা, এ্যাডভোকেট মাহবুবুল বারী সরকার (বুলবুল), এ্যাডভোকেট সোহেল রানা খাদিম, সমাজ সেবক মনিরুল ইসলাম ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জহিরুল হক (ফরহাদ)।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জহিরুল ইসলাম ফরহাদ বলেন “আজ আমরা বিদায় জানাচ্ছি শাহজাদাপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বটবৃক্ষ, আমাদের সকলের শ্রদ্ধেয় প্রধান শিক্ষককে।
স্যারের বিদায়ে আমার কবি সুকান্ত ভট্টাচার্যের ‘ছাড়পত্র’ কবিতার সেই অমর পংক্তিগুলো মনে পড়ছে
“চলে যেতে হবে আমাদের।
চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি –
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।”
স্যার, আপনি ঠিক এই কাজটাই করেছেন। যতদিন দেহে প্রাণ ছিল, প্রাণপণে এই বিদ্যালয়ের জঞ্জাল সরিয়েছেন, এই প্রতিষ্ঠানকে আমাদের সন্তানদের জন্য বাসযোগ্য করে গেছেন। আজ আপনি ছাড়পত্র নিয়ে চলে যাচ্ছেন, আর আপনার গড়া এই বাসযোগ্য বিদ্যালয়ে রেখে যাচ্ছেন নতুন প্রজন্মকে। আজকের দিনটি আমার জন্য বিশেষ আবেগের। কারণ আমার ছোট বোন সুমা এই বিদ্যালয়েরই ছাত্রী ছিল, আজ সে এখানেই সহকারি শিক্ষক হিসেবে আপনাদের সাথে কাজ করছে। সুমা আমাকে প্রায়ই বলে, স্যার শুধু প্রধান শিক্ষক ছিলেন না, ছিলেন একজন পিতা। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে এই স্কুলকে ভালোবাসতে হয়। স্যার যে বাগান সাজিয়ে গেলেন, সুমার মতো নতুন শিক্ষকরা আজ সেই বাগানের মালি হয়ে তা আগলে রাখবে — এটাই হবে স্যারের প্রতি আমাদের সত্যিকারের সম্মান।
আপনি অবসরে যাচ্ছেন, কিন্তু আপনার আদর্শ থেকে যাবে এই প্রতিটি ইটে, প্রতিটি শ্রেণীকক্ষে।
আপনার অবসর জীবন সুস্থ ও শান্তিময় হোক। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।”
আলোচনা অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ বিদ্যালয়ের ছাত্র থেকে সফল প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীনকে আবেকঘন পরিবেশে ফুলেল সংবর্ধনায় বিদায় দেন।











আপনার মন্তব্য লিখুন