৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর পৃথক পৃথক সমাবেশ ও আনন্দ মিছিল, সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত: ২০

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ , ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে

সরাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর পৃথক পৃথক সমাবেশ ও আনন্দ মিছিল, সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত: ২০

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক পৃথক সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সাথে উপজেলা সদরের হাসপাতাল মোড়ে মিছিলে আসা সমর্থকদের মধ্যে কদবেল খাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে সমাবেশ ও আনন্দ মিছিল এবং একই দিন বিকাল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার বিকাল ৫টার দিকে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মো. আনোয়ার হোসেন মাস্টার এর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি আনন্দ মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ পালন করে ও শান্তিপূর্ণভাবে কর্মসূচী সমাপ্ত করে।

 একই দিন বিকালে সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বর্ণিল সাজে সজ্জিত হয়ে সরাইল-নাসিরনগর সড়কের পাশে উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড়ে প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ পালন করে ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন। পরে সমবেত নেতা-কর্মীরা উচালিয়াপাড়া মোড় থেকে একটি আনন্দ মিছিল বের করে বড্ডাপাড়া গরুর বাজারের পার্শ্বে অবস্থিত মনোয়ারা হাসপাতালের সামনে পথসভা করে কর্মসূচীর শান্তিপূর্ন সমাপ্তি করে।

এদিকে সরাইল উপজেলা সদরের হাসপাতাল মোড়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কদবেল খাওয়া নিয়ে  প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে আসা উচালিয়াপাড়া ও সৈয়দটুলা গ্রামের কতিপয় যুবকদের মাঝে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বিকাল সাড়ে ৫ টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়। মূহূর্তের মধ্যে হাসপাতাল মোড় এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় সরাইল-নাসিরনগর সড়ক ও সরাইল হাসপাতাল মোড় হয়ে সরাইল বাজারে প্রবেশের প্রধান সড়কে সবধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়ে এলাকার সাধারণ জনগণ।

 সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সংঘর্ষ থামাতে জোর প্রচেষ্টা চালায়। পরে রাত ৮ টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রনে আসে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০জন আহত হয়। আহতদের সরাইল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত মুন্না ও ছাবন আলী নামের দুই সমর্থককে জেলা সদর হাসপাতালে প্রেরণ কর হয়।

এ ব্যপারে সরাইল উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর বলেন, পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সরাইল উপজেলা বিএনপির উচালিয়াপাড়া মোড়ের সমাবেশে নেতা-কর্মীরা স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহন করেছেন। সমাবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে সেখান থেকে একটি আনন্দ মিছিল বের করে বডাপাড়া গরুর বাজার এলাকায় মনোয়ারা হাসপাতালের সামনে গিয়ে পথসভা করে কর্মসূচীর শান্তিপূর্ন সমাপ্তি করা হয়।

সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মো. আনোয়ার হোসেন মাস্টার বলেন, পূর্ব ঘোষনা অনুযায়ী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শান্তিপূর্ণ সমাবেশ পালন করে কর্মসূচী সমাপ্ত করা হয়। সংঘর্ষের ব্যপারে তিনি বলেন, তপু গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আমাদের কেউ জড়িত নয়।

এ ব্যপারে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহন করে কর্মসূচী সফল করায় সকলকে ধন্যবাদ।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দূসররা শান্ত সরাইলকে অশান্ত করার অপচেষ্টায় লিপ্ত আছে। দূস্কৃতিকারীদের বিরুদ্ধে সজাগ থেকে সকলে ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা করতে হবে।

 সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রনে রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন