সরাইলে কিশোর জিহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ
বার্তা সম্পাদক প্রকাশিত: 1:38 pm , 19 July 2026, Sunday , পোষ্ট করা হয়েছে 3 months আগে
সরাইলে কিশোর জিহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ মিয়া (১৭) হত্যার বিচারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুদ্ধ এলাকাবাসী। হত্যাকান্ডের ৮দিন পার হলেও হত্যাকান্ডের সাথে জড়িত কেউ গ্রেফতার না হওয়ায় আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে রোববার(১৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ এলাকাবাসী।
খবর পেয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম, সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া ও খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আবু তাহের দেওয়ান ঘটনাস্থলে গিয়ে বক্তব্য দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রন করার চেষ্টা করেন। এ সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার মহাসড়কে অবরোধ চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামীদের গ্রেফতারে প্রশাসনের আন্তরিক ভূমিকা তুলে ধরে বক্তব্য দিলে বিক্ষুদ্ধ জনতা শান্ত হয়ে বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয় ।
পরে বিএনপি নেতা আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার সরাইল থানার অফিসার ও খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসারকে সাথে নিয়ে জিহাদ হত্যাকান্ডের স্থান, ব্র্যাক অফিস ও বিদ্যুতের সাবস্টেশনের সিসি ক্যামেরা পরিদর্শন করেন। এছাড়া এসময় তাঁরা কুট্টাপাড়া মোড় থেকে ইসলামাবাদ পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে হাই রেজুলেশনের সিসি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এ ব্যপারে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, ওই কিশোর হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। অপরাধী ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। পুলিশ চায় না অযথা নিরপরাধ কোনো লোক গ্রেপ্তার হোক। যাকে-তাকে গ্রেপ্তার করার ইচ্ছা পুলিশের নেই। সঠিক ব্যক্তিকেই পুলিশ গ্রেপ্তার করতে চায়।
উল্লেখ্য গত ১০ জুলাই দিবাগত রাত ১০টার দিকে উপজেলা সদরের কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্র্যাক অফিসের পূর্বপাশে কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর পুত্র কিশোর জিহাদ মিয়াকে(১৭) দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে স্থানীয় এলাকাবাসী উক্ত বিক্ষোভ, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করে।











আপনার মন্তব্য লিখুন