বাংলার মাটিতে গুম এবং নির্বিচারে মানুষ হত্যার বিচার হবে: ব্যারিস্টার রুমিন ফারহানা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ , ৬ জানুয়ারি ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
বাংলার মাটিতে গুম এবং নির্বিচারে মানুষ হত্যার বিচার হবে: ব্যারিস্টার রুমিন ফারহানা
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বাংলার মাটিতে গুম এবং নির্বিচারে মানুষ হত্যার বিচার হবে। যারা এ ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের কারও রেহাই নাই।
গত ১৫ বছর একটা দুঃসহ অবস্থার মধ্যে ছিল দেশ। সেখান থেকে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন সরকার গঠিত হয়েছে। আমরা প্রথমে শুনেছিলাম পুলিশ-প্রশাসন সরকারকে সেভাবে সাহায্য করছে না। এখনো বিষয়গুলো অতটা স্থিতিশীল অবস্থায় আসেনি। দেশি-বিদেশি বিনিয়োগও সেভাবে হচ্ছে না।
নির্বাচন যত দ্রুত হবে, দেশটা তত দ্রুত স্থিতিশীলতার দিকে যাবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা দ্রব্যমূল্যের কোনো কিছুই অস্থায়ী সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না।
সোমবার (৬ জানুয়ারী) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা আল আমিন এর বাড়িতে স্থানীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, মানুষ আশা নিয়ে তাকিয়ে আছে কবে ভোট দেবে, কবে একটি নির্বাচিত সরকার আসবে। তাই যত দ্রুত নির্বাচন হয় ততই ভালো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন আগামী ডিসেম্বরে কিংবা ২০২৬–এর জুনে নির্বাচন হবে। এতে আমরা সর্বশেষটা ধরে নিতে পারি, ২০২৬–এর জুনেই নির্বাচন হবে।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার প্রয়োজন। তাঁকে বিগত সরকার ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তাঁকে চিকিৎসা নিতে দেননি। দেশের চিকিৎসকগণ বলেছেন তাঁর চিকিৎসা দেশে হওয়ার কোনো উপায় নেই। তাঁর শারীরিক অবস্থা এতটাই নাজুক ছিল যে দীর্ঘ সময় তিনি দেশের বাইরে যেতে পারেননি। আশা করছি, বিদেশে চিকিৎসা নিয়ে দ্রুত সুস্থ হয়ে তিনি তাঁর নেতা-কর্মী এবং দেশের মানুষের মাঝে ফিরে আসবেন।
চুন্টা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।











আপনার মন্তব্য লিখুন