সরকারি দলের নেতারা মনে করেন, তারা যার যার এলাকার প্রাইম মিনিস্টার: ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ , ৯ মে ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 weeks আগে
সরকারি দলের নেতারা মনে করেন, তারা যার যার এলাকার প্রাইম মিনিস্টার: ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
আমি জানি, একজন স্বতন্ত্র সংসদ সদস্যের সঙ্গে কাজ করায় প্রতিকূলতা থাকে। আমার সঙ্গে আপনাদের কাজ করাও কিছুটা প্রতিকূল। আমি যত দূর সম্ভব সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা করব। আমাদের রাজনীতির যে সংস্কৃতি, তাতে সরকারি দলের একটা চাপ থাকে। দলের নেতারা মনে করেন, তারা যার যার এলাকার প্রাইম মিনিস্টার। ইউনিয়নের একজন কর্মীও মনে করেন, তার দল এখন ক্ষমতায়, তিনি তার এলাকার প্রাইম মিনিস্টার। এই চাপটা প্রশাসনের ওপর সব সময় থাকে। এটা আমি খুব ভালোভাবেই বুঝি। তবে আমি আমার তরফ থেকে চেষ্টা করব, আপনাদের কাজটা যতটা সম্ভব সহজ করা যায়।
শনিবার(৯মে) দুপুরে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা।
সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় এলাকাবাসীর উদ্দেশ্যে ব্যারিস্টার রুমিন ফারহানা আরও বলেন, সবাইকে বলব, সরাইলটা কিন্তু আমাদের সবার। আমার কাজে যদি কেউ বাধা সৃষ্টি করতে চান বা কোনো মহল যদি মনে করে এমপিকে কাজ করতে দিবে না, তাহলে আপনার এলাকা, যেখানে আপনি সন্তান নিয়ে বসবাস করেন, পাঁচ বছরের জন্য কিন্তু সরাইল পিছিয়ে যাবে। আমি শুধু সরকারি কর্মকর্তাদের কাছে বলছি না, আমি সরাইলবাসীর কাছেও বলছি। সবাই মিলে যদি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারি এবং সবাই মিলে যদি কাজ করতে পারি, আমি বিশ্বাস করি, এই উপজেলাকে আশপাশের উপজেলার চেয়ে আরও উন্নত করা, আরও সমৃদ্ধ উপজেলা করে মডেল উপজেলা করা, যেটা আমার নির্বাচনী অঙ্গীকার—সেটা খুব বেশি কঠিন হবে না।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সরাইল ও আশুগঞ্জ উপজেলা সদরকে পৌরসভায় উন্নীত করা হবে। এর মধ্যে আশুগঞ্জকে দ্রুত আর সরাইলকে এক থেকে দুই বছরের মধ্যে পৌরসভায় উন্নীত করা হবে। এর জন্য যা করণীয়, তার সবকিছু করা হয়েছে বলে তিনি জানান।
রুমিন ফারহানা বলেন, আমার একটাই লক্ষ্য, মানুষ যে ভালোবাসা ও বিশ্বাস রেখে আমাকে ভোট দিয়েছেন, যত দূর সম্ভব আগামী পাঁচ বছর সেবা দিয়ে আমি যেন মানুষের বিশ্বাসের মর্যাদা দিতে পারি।











আপনার মন্তব্য লিখুন