সরাইলে তারেক রহমানের জনসভাকে ঘিরে উৎসবের আমেজ, ব্যাপক প্রস্তুতি
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ , ২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
সরাইলে তারেক রহমানের জনসভাকে ঘিরে উৎসবের আমেজ, ব্যাপক প্রস্তুতি
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে উপজেলা সদরের কুট্টাপাড়া খেলার মাঠে তাঁর বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।
দীর্ঘদিন পর এ জেলায় বিএনপির দলীয় প্রধানের উপস্থিতিতে জনসভা হচ্ছে। বিএনপির নেতারা বলছেন, এই জনসভা ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, দলের প্রধান হওয়ার পর তারেক রহমানের ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রথম জনসভা। এ জন্য বিশাল মঞ্চ প্রস্তুত করা হচ্ছে এবং প্রায় দুই একরের খেলার মাঠটি সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব (শ্যামল), ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সহসভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মাস্টার, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা দফায় দফায় কুট্টাপাড়া খেলার মাঠ পরিদর্শন করেছেন।
বিএনপির চেয়ারম্যানের আগমন উপলক্ষে সরাইল উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। শুধু দলীয় নেতা-কর্মী নয়, সাধারণ ভোটারদের মধ্যেও উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আজ মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা গেছে, জনসভার স্থলে মঞ্চ থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণভাবে সম্পন্ন করা হয়েছে। চারদিকে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে।
এ ব্যপারে বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনাইদ আল হাবিব গণমাধ্যম কর্মীদের বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসভাকে কেন্দ্র করে এখানে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। জনসমাবেশে রেকর্ড সংখ্যক লোকসমাবেশ হবে। তারেক রহমান এখানে আসার পরে যে গণজোয়ার সৃষ্টি হবে আশা করি অন্য প্রার্থীর বিল থাকবে না।
উল্লেখ্য আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারী) তারেক রহমান সিলেটে হজরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করবেন। ঢাকায় ফেরার পথে তিনি সরাইলের কুট্টাপাড়া খেলার মাঠসহ একাধিক স্থানে জনসভা ও পথসভায় বক্তৃতা করার কথা রয়েছে।











আপনার মন্তব্য লিখুন