নেত্রীর মৃত্যুর দিনে বহিস্কারের আদেশ পাওয়া এক অদ্ভুত ও বেদনাদায়ক অধ্যায়: ব্যারিস্টার রুমিন ফারহানা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ , ১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
নেত্রীর মৃত্যুর দিনে বহিস্কারের আদেশ পাওয়া এক অদ্ভুত ও বেদনাদায়ক অধ্যায়: ব্যারিস্টার রুমিন ফারহানা
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
বহিস্কার সত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনে বহিস্কারের আদেশ পাওয়া আমার রাজনৈতিক জীবনে এক অদ্ভুত ও বেদনাদায়ক অধ্যায়। যার আদর্শে রাজনীতি করেছি এবং যার আশ্রয় ও স্নেহে এত দূর এসেছি, তাঁর চলে যাওয়ার দিনেই নিজের বহিষ্কার কেবল কাকতালীয় নয় । রাজনীতিতে আপস না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকেই শিখেছি।
তিনি আরও বলেন, আমি আমার রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি, যার আদর্শে রাজনীতি করেছি, উজ্জীবিত হয়েছি এবং যার আদর্শ অক্ষরে অক্ষরে পালন করে আমি রাজনীতি করেছি, তিনি আজ চলে গেলেন। তাঁর এ চলে যাওয়ায় দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ নভেম্বর। এর আগে ২০ নভেম্বর আমার কথা বলে গিয়েছেন। উনি বলেছেন, আমাকে মনোনয়ন দেওয়া হলো না কেন? আমি শুধু এইটুকুই বলব।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করায় মঙ্গলবার(৩০ ডিসেম্বর) ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ জনকে বহিষ্কার করে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার(২৯ ডিসেম্বর) ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজে উপস্থিত হয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এর কাছে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। ১৯৭৩ সালে আমার বাবা ভাষাসংগ্রামী অলি আহাদ আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। আজ ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে।
উল্লেখ্য ধানের শীষের ঘাঁটি হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনাইদ আল হাবিবকে জোটের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি খেজুর গাছ প্রতীকে এ আসনে নির্বাচন করছেন।











আপনার মন্তব্য লিখুন