EN

আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ-হুঁশিয়ারি

বার্তা সম্পাদক

প্রকাশিত: 2:31 pm , 29 October 2025, Wednesday , পোষ্ট করা হয়েছে 11 months আগে

আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ-হুঁশিয়ারি 

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি

আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল। প্রায় ৮ মাস ধরে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ করে উৎপাদন শুরু করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় আশুগঞ্জ সার কারখানার সামনে সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সার কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলাম ভূঁইয়া, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু কাউসার, বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ, সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাদী মো. তানভীর রহমান প্রমুখ।

৬ মাস ধরে আশুগঞ্জ সার কারখানা বন্ধ।

বক্তারা বলেন, গুণগত মানসম্পন্ন হওয়ায় আশুগঞ্জ সার কারখানার ইউরিয়ার চাহিদা বেশি। কারখানাটি চালু রাখতে পারলেই সরকারের লাভ। কিন্তু একটি কুচক্রি মহল বিদেশ থেকে সার আমদানির মাধ্যমে কমিশন বাণিজ্য করতে বছরের বেশিরভাগ সময় আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখে। এতে করে কারখানাটি দিন দিন অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

এ সময় অবিলম্বে গ্যাস সরবরাহের মাধ্যমে সার উৎপাদন চালু না করলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন তারা। সমাবেশ শেষে সার কারখানা চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, উৎপাদনরত অবস্থায় গত ১ মার্চ আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। ফলে প্রতিদিন অন্তত সাড়ে ১১০০ টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছে- যার বাজার মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। উৎপাদন স্বাভাবিক রাখতে প্রতিদিন প্রায় ৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন